দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ফ্রান্স ও ইরাকের ম্যাচে বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কায় দীর্ঘ সময় খেলা বন্ধ ছিল। প্রথমার্ধের শেষ দিকে মেঘ ভেঙে বৃষ্টি নামার পর নিরাপত্তাজনিত কারণে ম্যাচ স্থগিত করে ফিফা।
কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। এরপর প্রায় দুই ঘণ্টা বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হয়। বাংলাদেশ সময় রাত ৩টা ৫০ মিনিটে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধ শুরু হয় ভোর ৫টা ৫০ মিনিটে।
ফিফা এক বিবৃতিতে জানায়, ‘স্টেডিয়ামের আশপাশে বৈরী আবহাওয়া এবং বজ্রপাতের ঝুঁকির কারণে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ফিফা বিশ্বকাপের ম্যাচটি সাময়িক স্থগিত করা হয়েছে।’
সংস্থাটি আরও জানায়, ‘প্রাথমিকভাবে ৩০ মিনিটের বিরতি ঘোষণা করা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ার পর ম্যাচটি পুনরায় শুরু করা হয়েছে।’
ফিফা বলেছে, ‘সকল ব্যক্তি ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সহযোগিতা ও ধৈর্যের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই।’
এদিকে ইরাকের বিপক্ষে নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করে রেখেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ১৪তম মিনিটে মাইকেল অলিসের ব্যাকপাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তিনি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৫-তে উন্নীত করেছেন এমবাপ্পে। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি স্পর্শ করেছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে।
এর আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ফরাসি তারকা। ইরাকের বিপক্ষে আরও একটি গোল করে গোল্ডেন বুটের লড়াইয়েও নিজেকে শক্ত অবস্থানে রেখেছেন তিনি।
এমবাপ্পের ওই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স।
এমএস/